প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ–অবরোধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৫

বিএনপির ঘোষিত প্রার্থী তালিকা ঘিরে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলীয় প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই ক্ষুব্ধ নেতাকর্মীরা বিভিন্ন স্থানে বিক্ষোভে নামেন।

 

বিকেলে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর পরই সাতক্ষীরা, মাগুরা, কুষ্টিয়া, চট্টগ্রাম, মাদারীপুর ও নাটোরে বিক্ষোভ-অবরোধের ঘটনা ঘটে।

 

সাতক্ষীরা-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে কাজী আলাউদ্দীনের নাম ঘোষণার পর কালিগঞ্জ ও নলতায় বিক্ষোভ হয়। নেতাকর্মীরা ডা. শহিদুল আলমকে প্রার্থী করার দাবি জানান।

অন্যদিকে সাতক্ষীরা-২ আসনে আব্দুর রউফকে মনোনয়ন দেওয়ায় আব্দুল আলীম সমর্থকরা বিক্ষোভ করে।

 

মাগুরা-২ আসনে ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীকে মনোনয়ন দেওয়ায় বিক্ষুব্ধ হন স্থানীয় কিছু নেতাকর্মী।

নোহাটা ইউনিয়নের মোবারকপুরে তার সমর্থকদের সঙ্গে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের সমর্থকদের সংঘর্ষে অন্তত চারজন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

কুষ্টিয়া-৩ আসনে অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে মনোনয়ন না দেওয়ায় তার সমর্থকরা রাত ৯টার দিকে মজমপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

এসময় কুষ্টিয়া-ঈশ্বরদী ও কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে রাত ১০টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সীতাকুণ্ড আসনে আসলাম চৌধুরীকে প্রার্থী না করায় তার সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী, জোড়ামতল, কুমিরা ও বাঁশবাড়িয়ায় ব্যারিকেড ও টায়ারে আগুন দেন।

বিক্ষুব্ধরা কয়েকটি গাড়ি ও দোকান ভাঙচুর করে। এ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি নেতা কাজী সালাউদ্দিন।

শিবচরে মনোনয়ন বঞ্চিত সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুর সমর্থকরা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করেন।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টায়ার জ্বালিয়ে অবরোধের কারণে ঢাকা ও দক্ষিণাঞ্চলের ২১ জেলার যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়।

নাটোর-১ আসনে প্রার্থী হিসেবে ফারজানা শারমিন পুতুলের নাম ঘোষণার পর তার ভাই ডা. ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা গৌধরা এলাকায় মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।

পুলিশ দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। পরে এক ব্যক্তির ওপর হামলার ঘটনাও ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।

বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা গেছে, দলীয় মনোনয়ন নিয়ে স্থানীয় পর্যায়ের মতবিরোধ ও গ্রুপিং থেকে এ ধরনের ঘটনা ঘটছে।

তবে কেন্দ্রীয় নেতারা বলছেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গের ঘটনা সহ্য করা হবে না।”

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা