প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সব ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে প্রতিটি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন হলে সব আসনেই শক্তিশালী প্রার্থী দেওয়া সম্ভব হবে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর একটি কমিউনিটি সেন্টারে চার জেলার আহ্বায়ক ও সদস্য সচিবদের সাক্ষাৎকার শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

সারজিস আলম বলেন, “আমরা সংগঠনকে তৃণমূল পর্যন্ত শক্তিশালী করতে কাজ করছি। ডিসেম্বর নাগাদ প্রত্যেক ওয়ার্ডে আহ্বায়ক কমিটি থাকলে ৩০০ আসনে যোগ্য প্রার্থী দিতে পারব।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ ও তাদের সহযোগী জাতীয় পার্টির আগামী নির্বাচনে অংশগ্রহণের কোনো নৈতিক অধিকার নেই। যারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, গুম-খুন ও বিচারবহির্ভূত হত্যার দায়ে অভিযুক্ত, তারা গণতান্ত্রিক নির্বাচনের অংশ হতে পারে না।”

সম্ভাব্য রাজনৈতিক সমঝোতা প্রসঙ্গে সারজিস আলম জানান, “জনগণের স্বার্থে কোনো দলের সঙ্গে নীতিগত ঐকমত্য হলে এলায়েন্সের (জোট) সুযোগ থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।”

বর্তমান নির্বাচন কমিশন নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “আমাদের দলীয় প্রতীক ‘শাপলা’ না দিয়ে নির্বাচন কমিশন ‘শাপলা কলি’ দিয়েছে। এটি তাদের স্বেচ্ছাচারী আচরণের প্রমাণ। ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে কমিশনের প্রতি আস্থার সংকট তৈরি হবে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলমসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা