আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, যেসব আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি, সেগুলোর নাম পরবর্তীতে জানানো হবে। এছাড়া কিছু আসন জোট শরিকদের জন্য ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি।
চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন— চাঁদপুর-১ (কচুয়া): আ.ন.ম. এহছানুল হক মিলন ,চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ): ড. জালাল উদ্দিন ,চাঁদপুর-৩ (সদর-হাইমচর): শেখ ফরিদ আহমেদ মানিক ,চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ): লায়ন হারুন অর রশিদ ,চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি): ইঞ্জিনিয়ার মমিনুল হক
এর আগে দুপুর সাড়ে ১২টায় দলটির স্থায়ী কমিটির সদস্যরা জরুরি বৈঠকে বসেন। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এ বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে দলীয় প্রার্থী চূড়ান্তকরণ এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খান, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, হাফিজ উদ্দিন আহমেদ, ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ স্থায়ী কমিটির সদস্য ও সাংগঠনিক সম্পাদকরা।