প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

যে তিন আসনে লড়বেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩২ আসনে দলীয় প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বেগম খালেদা জিয়া তিনটি আসনে—দিনাজপুর-৩, ফেনী-১ ও বগুড়া-৭—প্রার্থী হচ্ছেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে লড়বেন।

এ ছাড়া, ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলের স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) লড়বেন ভোলা-৩ আসনে, মির্জা আব্বাস ঢাকা-৮-এ, এবং গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-৩ আসনে।

মির্জা ফখরুল বলেন, “এই নির্বাচনকে সামনে রেখে আমরা যোগ্য, জনপ্রিয় ও আন্দোলনে সক্রিয় নেতাদের প্রার্থী হিসেবে বেছে নিয়েছি। যেখানে শরিক দলগুলো অংশ নেবে, সেসব আসনের বিষয়ে পরবর্তীতে সমন্বয় করা হবে।”

দলীয় সূত্রে জানা গেছে, বাকি আসনগুলোর প্রার্থীদের নাম পরবর্তী ধাপে ঘোষণা করা হবে।
এর আগে তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা