প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে দলীয় প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন—ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ঠাকুরগাঁও-১ আসনে নিজে প্রতিদ্বন্দ্বিতা করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর ঢাকা-১৪ আসনে নির্বাচনে অংশ নেবেন মায়ের ডাক সংগঠনের আহ্বায়ক সানজিদা তুলি।

তিনি বলেন, “দীর্ঘ ১৬ বছর পর দেশে একটি গণতান্ত্রিক নির্বাচন হতে যাচ্ছে। আমরা এমন প্রার্থীদের নির্বাচন করছি যারা জনগণের ভোটে জয়ী হতে পারেন। আজ ২৩৭ আসনের প্রার্থীদের তালিকা প্রকাশ করছি। বাকি আসনগুলোতে আমাদের আন্দোলনের সহযোগী দলগুলোর সঙ্গে সমন্বয় করে প্রার্থী ঘোষণা করা হবে।”

এর আগে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের তালিকা অনুমোদন করা হয়। দলীয় সূত্র জানায়, মাঠপর্যায়ে জরিপের ভিত্তিতে প্রার্থী নির্ধারণ করা হয়েছে যাতে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা