আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ড. জাকির নায়েককে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। সোমবার (৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) বরাবর স্মারকলিপি প্রদান শেষে প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করেন তারা।
শিক্ষার্থীরা জানান, ড. জাকির নায়েক শুধু একজন ইসলামী বক্তা নন, বরং মানবকল্যাণে নিবেদিত এক আন্তর্জাতিক ব্যক্তিত্ব। তিনি তার প্রতিষ্ঠিত মানবিক সংগঠন ‘ইউনাইটেড এইড’-এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য শিক্ষার্থীকে বৃত্তি ও সহায়তা প্রদান করছেন। ইসলাম ও মানবতার সেবা করে তিনি বিশ্বব্যাপী একজন চিন্তাবিদ হিসেবে স্বীকৃতি পেয়েছেন।
তাদের দাবি, ভারতের উগ্র রাজনীতির কারণে ড. জাকির নায়েককে দেশ ছাড়তে হলেও মালয়েশিয়া তাকে সম্মানের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি হিসেবে গ্রহণ করেছে—যা তার মর্যাদা ও মানবিক ভূমিকার প্রমাণ।
শিক্ষার্থীরা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় যদি এমন একজন জ্ঞান ও মানবতার প্রতীক ব্যক্তিত্বকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে, তাহলে তা শুধু বিশ্ববিদ্যালয়ের নয়, বরং বাংলাদেশের মর্যাদাও বৃদ্ধি করবে।
এ সময় তারা বিশেষ সমাবর্তনের মাধ্যমে ড. জাকির নায়েককে আনুষ্ঠানিকভাবে এই ডিগ্রি প্রদানের দাবি জানান।