‘মির্জাপুর’ খ্যাত বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর জীবনে আবারও নেমে এসেছে শোকের ছায়া। শুক্রবার (১ নভেম্বর) সকালে ভারতের বিহার রাজ্যের গোপালগঞ্জ জেলার পৈতৃক বাড়িতে মারা গেছেন তার মা হেমবন্তী দেবী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
ত্রিপাঠী পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, “গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে পঙ্কজ ত্রিপাঠীর মা হেমবন্তী দেবী শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন।”
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ার খবর পেয়ে পঙ্কজ ত্রিপাঠী আগেই গোপালগঞ্জের গ্রামের বাড়িতে পৌঁছে যান এবং শেষ মুহূর্ত পর্যন্ত মায়ের পাশে ছিলেন।
শনিবার বেলসান্দে গ্রামে হেমবন্তী দেবীর শেষকৃত্য সম্পন্ন হয়। এ সময় পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। পরিবারের পক্ষ থেকে এই শোকের সময়ে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।
মায়ের মৃত্যুতে শোকাহত পঙ্কজ ত্রিপাঠী এর আগে একাধিক সাক্ষাৎকারে বলেছিলেন, তার জীবনে সবচেয়ে বড় প্রেরণা ছিলেন মা। তিনি মায়ের শিক্ষার কারণেই আজকের অবস্থানে পৌঁছেছেন।
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের ২১ আগস্ট পঙ্কজ ত্রিপাঠীর বাবা পণ্ডিত বেনারস ত্রিপাঠীও মারা যান। এক বছরের ব্যবধানে বাবা-মা দুজনকেই হারালেন এই জনপ্রিয় অভিনেতা।