প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

অর্থযোগানের অভিযোগে সেলিম প্রধানের দুই দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৫

দেশবিরোধী প্রচারণায় অর্থসহায়তা, পরামর্শ ও নির্দেশ দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ক্যাসিনোকাণ্ডে আলোচিত ব্যবসায়ী সেলিম প্রধানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুনুর রশিদ।

এর আগে সেলিম প্রধানকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক মো. মোজাম্মেল হক মামুন তার সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে প্রাথমিক তদন্তে প্রমাণ মিলেছে। তিনি রাজধানীর বিভিন্ন স্থানে সরকার ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত সদস্যদের অর্থসহায়তা প্রদান করে আসছেন।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল সকালে গুলশান-১ এলাকায় নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ব্যানারে কয়েকজন ব্যক্তি দেশবিরোধী স্লোগান দেয়। ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হলেও বাকিরা পালিয়ে যায়। পরে পুলিশ বাদী হয়ে গুলশান থানায় মামলা দায়ের করে।

উল্লেখ্য, ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর রাতে গুলশানের বারিধারা এলাকার নেক্সাস ক্যাফে প্লেস রেস্তোরাঁয় অভিযান চালিয়ে সেলিম প্রধানসহ ৯ জনকে আটক করা হয়। ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়, যাতে পরবর্তীতে তিনি জামিন পান।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা