প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এক টাকার নিচে শেয়ার লেনদেনে নতুন নিয়মে ধস: সার্কিট ব্রেকার ভাঙল দুই প্রতিষ্ঠানের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৫

দেশের পুঁজিবাজারে এক টাকার নিচে নেমে যাওয়া শেয়ারের জন্য নতুন ‘টিক সাইজ’ নির্ধারণের ফলে সোমবার (৩ নভেম্বর) বড় দরপতনের মুখে পড়েছে দুটি কোম্পানি। সার্কিট ব্রেকারের সীমা ভেঙে শেয়ারদর কমে যায় প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড এবং ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের।

বাজার তথ্য অনুযায়ী, সাধারণ নিয়মে প্রতিদিন শেয়ারদরের উত্থান-পতনের সীমা থাকে ১০ শতাংশ। কিন্তু নতুন নিয়মে ‘রাউন্ড ফিগার’ সমন্বয়ের কারণে এই দুই কোম্পানির দর ১০ শতাংশের বেশি কমে যায় দিনের শুরুতেই।

সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এক টাকার নিচে নেমে যাওয়া শেয়ারের লেনদেন সচল রাখতে নতুন টিক সাইজ চালু করে। এখন থেকে এই শেয়ারগুলোর দর ১ পয়সা করে বাড়ানো বা কমানো যাবে। শেয়ারদর ১ টাকার ওপরে গেলে আগের নিয়মে ১০ পয়সা টিক সাইজ প্রযোজ্য হবে।

রোববার (২ নভেম্বর) প্রিমিয়ার লিজিংয়ের শেয়ারদর ছিল ১ টাকা ৩ পয়সা, যা সোমবার সমন্বয়ের পর কমে ৯০ পয়সায় নেমে আসে — অর্থাৎ ১২.৬২ শতাংশ দরপতন। একইভাবে, ফারইস্ট ফাইন্যান্সের শেয়ারও ১ টাকা ১ পয়সা থেকে কমে ৯০ পয়সায় অবস্থান নেয়, যা ১০.৮৯ শতাংশ হ্রাস।

এর আগে ১ টাকার নিচে নামায় শেয়ার দুটির লেনদেন বন্ধ ছিল। লেনদেন স্থবিরতা কাটাতে ডিএসই নতুন টিক সাইজ প্রস্তাব করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে, যা ২৯ অক্টোবর থেকে কার্যকর হয়।

নতুন নিয়মে এখন এক টাকার নিচে থাকা শেয়ার ৮৯, ৮৮, ৮৭ বা তারও কম দরে লেনদেন করা সম্ভব হচ্ছে। ডিএসই জানিয়েছে, এর ফলে বাজারে তারল্য বৃদ্ধি ও শেয়ার লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করা যাবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা