সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের নীতিমালা সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন সংশোধনীতে শিক্ষক নিয়োগের যোগ্যতা, কোটা, প্রশিক্ষণ এবং নিয়োগ পদ্ধতি সংক্রান্ত বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
রবিবার (৩ নভেম্বর) প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়, ‘বিধি ৭ এর উপ-বিধি (২) এর দফা (খ)’-এ থাকা ‘অন্যান্য বিষয়ে’ শব্দের পরিবর্তে ‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্যূন’ শব্দ যোগ করা হয়েছে। এর ফলে বিজ্ঞান ছাড়াও অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদের নিয়োগে অংশগ্রহণ আরও স্পষ্টভাবে নির্ধারিত হলো।
এর আগে ২০২৫ সালের ২৮ আগস্ট প্রকাশিত মূল বিধিমালায় উল্লেখ ছিল, সরাসরি নিয়োগযোগ্য ৯৩ শতাংশ পদ মেধাভিত্তিকভাবে পূরণ হবে—যার মধ্যে ২০ শতাংশ বিজ্ঞান বিষয়ে এবং ৮০ শতাংশ অন্যান্য বিষয়ে স্নাতকদের জন্য নির্ধারিত ছিল।
সংশোধিত বিধিমালায় আরও বলা হয়েছে, শিক্ষক নিয়োগের প্রক্রিয়া উপজেলা বা থানাভিত্তিকভাবে সম্পন্ন হবে। মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য মোট ৫ শতাংশ কোটা বহাল রাখা হয়েছে।
নতুন বিধি অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত শিক্ষককে শিক্ষানবিশি মেয়াদ শেষে কর্মদক্ষতা ও আচরণে সন্তোষজনক বিবেচিত হলে চাকরি স্থায়ী করা হবে। তবে অদক্ষতা বা অসন্তোষজনক পারফরম্যান্সের ক্ষেত্রে চাকরি বাতিল বা পূর্বের পদে ফেরানোর ক্ষমতা থাকবে কর্তৃপক্ষের হাতে।
এছাড়া, নিয়োগের পর চার বছরের মধ্যে মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে। যারা ৫০ বছর বয়সে পদোন্নতির যোগ্য হবেন, তাদের ক্ষেত্রে পরীক্ষার বা প্রশিক্ষণের শর্ত শিথিল করার সুযোগ রাখা হয়েছে।
সংশোধিত বিধিমালায় আরও বলা হয়েছে, বর্তমানে ১২তম গ্রেডে কর্মরত প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকরা বেতন গ্রেড উন্নীত হওয়ার পর ১৮ মাসের মধ্যে মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রশিক্ষণ শেষ না করলে সংশ্লিষ্ট শিক্ষককে নিম্ন বেতন গ্রেডে নামিয়ে দেওয়া হবে।