প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হালান্ডের জোড়া গোলে বোর্নমাউথকে হারিয়ে দুইয়ে ম্যানসিটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৫

ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে থাকা আর্লিং হালান্ডের জোড়া গোলে বোর্নমাউথকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে পাঁচ ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে পেপ গার্দিওলার দল।

রবিবার (২ নভেম্বর) ইতিহাদ স্টেডিয়ামে ঘরের মাঠে বোর্নমাউথের মুখোমুখি হয় ম্যানসিটি। শুরু থেকেই পরিকল্পিত আক্রমণ সাজিয়ে সফরকারীদের চাপে রাখে স্বাগতিকরা। ম্যাচের ১৭তম মিনিটে হালান্ডের গোলে এগিয়ে যায় সিটিজেনরা। তবে ৮ মিনিট পর বোর্নমাউথের অ্যাডামস গোল করে ম্যাচে সমতা ফেরান।

৩৩তম মিনিটে আবারও গোল করেন হালান্ড। এর মধ্য দিয়ে তিনি ইপিএলের ইতিহাসে ঘরের মাঠে টানা চার ম্যাচে দুই বা তার বেশি গোল করা তৃতীয় খেলোয়াড় হিসেবে নাম লেখান। ১০ ম্যাচে ১৩ গোল করে বর্তমানে লিগের শীর্ষ গোলদাতা তিনি।

দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে ম্যানসিটি। ৬০তম মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন নিকো ও’রাইলি। বোর্নমাউথ শেষ মুহূর্তে বেশ কিছু সুযোগ তৈরি করলেও গোল আদায় করতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা।

এই জয়ে ম্যানসিটির পয়েন্ট দাঁড়ায় ১৯— ১০ ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে। ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্সেনাল।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা