বাংলাদেশের তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবনী স্টার্টআপদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া)’ প্রকল্প।
রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত এই প্রকল্পের আধুনিক কো-ওয়ার্কিং স্পেসে নির্বাচিত স্টার্টআপদের জন্য বিনামূল্যে অফিস সুবিধা, উচ্চগতির ইন্টারনেট, প্রশিক্ষণ, নেটওয়ার্কিং এবং কর্পোরেট সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
রোববার (২ নভেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিয়মিত স্টার্টআপদের বরাদ্দ বাতিল করে নতুন ও যোগ্য উদ্যোক্তাদের সুযোগ দিতে উদ্যোগ নিয়েছে আইডিয়া প্রকল্প। মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সরকারি সম্পদের স্বচ্ছ ও কার্যকর ব্যবহারের ওপর জোর দেন।
প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন কো-ওয়ার্কিং স্পেস নীতিমালা বাস্তবায়নের পর কার্যক্রম আরও গতিশীল হয়েছে। এখন পর্যন্ত বিশেষ কমিটির ছয়টি সভায় ৫১টি ডেস্কের মধ্যে ৩৩টি বরাদ্দ দেওয়া হয়েছে, আর বাকি ১৮টির জন্য আবেদন চলছে। যাচাই শেষে দ্রুত অব্যবহৃত ডেস্কগুলোও উদ্যোক্তাদের মধ্যে বরাদ্দ দেওয়া হবে।
এখানে উদ্যোক্তারা ছয় মাস মেয়াদি বিনামূল্যে অফিস স্পেসের পাশাপাশি মিটিং ও কনফারেন্স রুম, মনিটরিং, আইডিয়া ল্যাব এবং নেটওয়ার্কিং সুবিধা পাবেন। আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক এবং www.idea.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন করা যাবে। আবেদনকারীদের এনআইডি বা পাসপোর্ট, ট্রেড লাইসেন্স, টিআইএন সার্টিফিকেট ও প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।
শুধুমাত্র তথ্যপ্রযুক্তি–ভিত্তিক উদ্ভাবনী স্টার্টআপরা এই সুযোগের জন্য আবেদন করতে পারবেন। আইডিয়া প্রকল্পের আশা, এই উদ্যোগ দেশের তরুণ উদ্ভাবকদের নতুন চিন্তা, সহযোগিতা ও প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক বিকাশে অনুপ্রেরণা জোগাবে।