ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) প্রকাশ করেছে নতুন ভোটার তালিকা। সর্বশেষ হালনাগাদে দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। মাত্র দুই মাসে নতুনভাবে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন ভোটার যুক্ত হয়েছেন তালিকায়।
রোববার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, “আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এই তালিকাকেই ভিত্তি করে অনুষ্ঠিত হবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন।”
ইসি জানায়, চলতি বছরের মধ্যে এটি তৃতীয়বারের মতো ভোটার তালিকা হালনাগাদ। সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন এবং হিজড়া ১ হাজার ২৩০ জন।
ভোটার হালনাগাদ প্রক্রিয়া কমিশনের নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবেই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ইসি। সংস্থাটি আরও জানিয়েছে, ১৮ নভেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশের পর এই সংক্রান্ত আর কোনো সংশোধনের সুযোগ থাকবে না।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, হালনাগাদকৃত ভোটার তালিকা অনুযায়ীই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।