প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জামালপুরে শিক্ষার্থীদের ফ্রি বাইক সার্ভিসে উপকৃত শতাধিক পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৫

ইজিবাইক ধর্মঘটে শহরে দেখা দিয়েছে তীব্র যান সংকট। এতে সাধারণ মানুষ ও পরীক্ষার্থীরা পড়েন চরম দুর্ভোগে। এমন পরিস্থিতিতে সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থীরা দৃষ্টান্ত স্থাপন করেছেন এক মানবিক উদ্যোগে—চালু করেছেন ফ্রি বাইক সার্ভিস। তাদের এই উদ্যোগে শতাধিক পরীক্ষার্থী সময়মতো পৌঁছাতে পেরেছেন পরীক্ষাকেন্দ্রে।

রোববার সকাল থেকেই জামালপুর শহরের প্রধান সড়কগুলোতে ইজিবাইক ও রিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ধর্মঘটে জনজীবন প্রায় অচল হয়ে পড়ে। বিশেষ করে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীরা চরম বিপাকে পড়েন।

এমন সময় আশেক মাহমুদ কলেজের ছাত্র-ছাত্রী হোস্টেলের শিক্ষার্থীরা নিজেদের মোটরসাইকেল নিয়ে এগিয়ে আসেন। তারা পরীক্ষার্থীদের বিনামূল্যে সরকারি জাহিদা শফী মহিলা কলেজসহ বিভিন্ন কেন্দ্রে পৌঁছে দেন। দূরপাল্লা থেকে আসা পরীক্ষার্থীদের সিএনজি স্ট্যান্ড থেকে কলেজ পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করেন তারা।

শিক্ষার্থী হৃদয় আহম্মেদ শাওন বলেন, “যানবাহন না থাকায় অনেক পরীক্ষার্থী বিপাকে পড়েছিল। তাই আমরা ভেবেছি, নিজেরাই যদি কিছু করি তাহলে হয়তো উপকার হবে। কেউ যেন পরীক্ষায় দেরি না করে, সেটাই ছিল আমাদের লক্ষ্য।”

শাহরিয়ার বায়েজিদ, সরকারি আশেক মাহমুদ কলেজের ছাত্রদলের সদস্য সচিব, বলেন, “এই উদ্যোগের মাধ্যমে আমরা দেখাতে চেয়েছি—সংকটকালেও একে অপরের পাশে দাঁড়ানোই মানবতার আসল পরিচয়।”

ছাত্রী আফরিন জান্নাত আঁখি বলেন, “মেয়েদের নিরাপদে কেন্দ্রে পৌঁছানোকে আমরা অগ্রাধিকার দিয়েছি। সবাই মিলে একসাথে কাজ করায় সবকিছু সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।”

পরীক্ষার্থী রাকিব হাসান জানান, “বাইক সার্ভিস না থাকলে আজ পরীক্ষায় দেরি হতো। ভাইয়াদের এই উদ্যোগে আমরা সত্যিই উপকৃত হয়েছি।”

আরেক পরীক্ষার্থী ফাতেমা আক্তার বলেন, “ভাইয়া-আপুরা যেভাবে সহায়তা করেছেন, মনে হয়েছে আমরা সবাই একই পরিবারের সদস্য।”

শহরের সাধারণ মানুষও শিক্ষার্থীদের এ মানবিক উদ্যোগে প্রশংসা জানিয়েছেন। তাদের মতে, এই ফ্রি সার্ভিস তরুণ প্রজন্মের ইতিবাচক মানসিকতা ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত।

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থীরা প্রমাণ করেছেন—সংকটে পাশে দাঁড়ানো, মানবতা ও সহানুভূতির চর্চাই সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় শক্তি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা