প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শাপলা কলি প্রতীক মেনে নিবন্ধনে রাজি এনসিপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৫

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের প্রক্রিয়ায় থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনের তালিকাভুক্ত ‘শাপলা কলি’ প্রতীক গ্রহণে রাজি হয়েছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব জহিরুল হক মুসা।

রোববার (২ নভেম্বর) বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। বৈঠকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ উপস্থিত ছিলেন।

জহিরুল হক মুসা বলেন, “নির্বাচন কমিশন সম্প্রতি নতুন কিছু প্রতীক যুক্ত করে গেজেট প্রকাশ করেছে। এর ধারাবাহিকতায় এনসিপি আজ প্রতীক নির্বাচনের আবেদন দিয়েছে। আমাদের প্রথম পছন্দ শাপলা, দ্বিতীয় সাদা শাপলা, আর তৃতীয় শাপলা কলি। যদি শাপলা কলি প্রতীক দেওয়া হয়, দল সেটিই গ্রহণ করবে।”

তিনি আরও জানান, এনসিপি চাইছে নির্বাচন কমিশন ‘শাপলা কলি’ প্রতীককে বিবেচনায় নিয়ে এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করুক।

ইসির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কমিশনের বিদ্যমান বিধিতে ‘শাপলা’ প্রতীক না থাকায় তা কোনো দলকে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে নতুন প্রজ্ঞাপনে যুক্ত হওয়া ‘শাপলা কলি’ এখন এনসিপির আবেদন তালিকায় শীর্ষে রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য নতুন প্রতীকের তালিকা প্রকাশ করা হয়। সেখানে ‘শাপলা কলি’ প্রতীক সংযোজন করা হয়।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুটি নতুন দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, যার একটি এনসিপি। বর্তমানে দলটির বিষয়ে কোনো আপত্তি আছে কিনা, তা যাচাইয়ের প্রক্রিয়া চলছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা