প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কিশোর-কিশোরীরা কী করে ইনস্টাগ্রামে?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৫

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে কিশোর-কিশোরীরা “খাদ্যজনিত মানসিক ব্যাধি-সম্পর্কিত” কনটেন্ট তিন গুণ বেশি দেখছে— এমনই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে মেটার অভ্যন্তরীণ এক গবেষণা প্রতিবেদনে।

 

জরিপে দেখা গেছে, যেসব কিশোর-কিশোরী নিজেদের শরীর নিয়ে হতাশ বা অনিরাপদ বোধ করে, তারা ইনস্টাগ্রামে দেহকেন্দ্রিক পোস্ট— যেমন বুক, উরু ও নিতম্ব-নির্ভর ছবি বা ভিডিও বেশি দেখে।

 

গবেষণায় এমন অনেক ভয়াবহ ও সংবেদনশীল কনটেন্ট চিহ্নিত হয়েছে, যেখানে দেখা গেছে—অন্তর্বাস পরা অতিমাত্রায় রোগা নারীর ছবি,

 

নিজের গলা কেটে ফেলার দৃশ্য,আর কান্নারত চরিত্রের পাশে লেখা “আমি কখনোই যথেষ্ট নই” ও “সব শেষ করে দাও”।

এসব দৃশ্য এতটাই অশান্তিকর ছিল যে মেটার গবেষকরা বাধ্য হয়ে এগুলোকে “Sensitive Content” হিসেবে চিহ্নিত করেন।

মেটার পরামর্শক দলও স্বীকার করেছে, কিশোরদের জন্য এমন কনটেন্ট সীমিত করা অত্যন্ত জরুরি। তবে যেহেতু এসব পোস্ট নীতিমালা লঙ্ঘন করে না, তাই সম্পূর্ণ নিষিদ্ধ না করে শুধু সীমিত প্রদর্শন (limited reach) করা হবে।

 

মেটার মুখপাত্র বলেন, “গবেষণার ফলাফল ও বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতেই কিশোর এবং তাদের অভিভাবকদের সুরক্ষায় নতুন পরিবর্তন আনা হচ্ছে।”

মেটার গবেষণায় অংশ নেয় ১,১৪৯ জন কিশোর-কিশোরী।

তাদের মধ্যে ২২৩ জন জানিয়েছেন, ইনস্টাগ্রাম ব্যবহারের পর তারা নিজেদের শরীর নিয়ে খারাপ অনুভব করেন।

এই গোষ্ঠীর নিউজফিডে “খাদ্যজনিত মানসিক ব্যাধি” বিষয়ক কনটেন্টের পরিমাণ ছিল ১০.৫%, যেখানে অন্যদের ক্ষেত্রে তা মাত্র ৩.৩%।

এ ছাড়া এই দুর্বল মানসিক অবস্থার কিশোররা আরও বেশি দেখেছে সহিংসতা, মানসিক কষ্ট ও যৌন থিমভিত্তিক কনটেন্ট। তাদের ফিডের ২৭% পোস্ট ছিল এসব বিষয়ে, যা অন্যান্য ব্যবহারকারীর তুলনায় দুই গুণ বেশি।

গবেষকরা উল্লেখ করেছেন, সম্পর্কটি কারণ না ফল, তা নিশ্চিত নয়— অর্থাৎ, শরীর নিয়ে খারাপ বোধ করা কিশোররা হয়তো নিজেরাই এমন কনটেন্ট খুঁজে দেখে।

মনোবিজ্ঞানী ও ডিজিটাল নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, কিশোরদের সুরক্ষায় ইনস্টাগ্রামসহ অন্যান্য সামাজিক প্ল্যাটফর্মে আরও শক্তিশালী কনটেন্ট ফিল্টারিং সিস্টেম চালু করা উচিত।

 

অন্যদিকে, মেটা জানিয়েছে, তাদের পুরনো কনটেন্ট শনাক্তকরণ টুলগুলো ৯৮.৫% সংবেদনশীল পোস্ট ধরতে ব্যর্থ হয়েছে। তবে নতুন অ্যালগরিদম চালুর পর এই সীমাবদ্ধতা অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা