প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গোবিন্দগঞ্জে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে তিনজন নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (১ নভেম্বর) গভীর রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে।

 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে স্থানীয় এক ব্যক্তির গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিলো তিনজন। এ সময় বিষয়টি টের পেয়ে গ্রামবাসী ধাওয়া করে। পালিয়ে বাঁচতে তারা রাস্তার পাশের একটি পুকুরে লাফ দেয়, কিন্তু পরে স্থানীয়রা ধরে বেধড়ক মারধর করলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

 

খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তবে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়।

 

স্থানীয়দের দাবি, নিহতরা বগুড়ার শিবগঞ্জ উপজেলার একটি সংঘবদ্ধ গরুচোর চক্রের সদস্য।

 

ওসি বুলবুল ইসলাম আরও জানান, নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। মরদেহগুলো গোবিন্দগঞ্জ থানায় রাখা হয়েছে, পরিচয় নিশ্চিত হওয়ার পর ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তিনি বলেন, “ঘটনাটি বিস্তারিতভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা