দিল্লিতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্যে হতাশা প্রকাশ করেছেন কলকাতায় আশ্রিত আওয়ামী লীগের শীর্ষ নেতারা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেওয়া তার ইন্টারভিউয়ে দলের ভবিষ্যৎ কৌশল ও নেতৃত্বের দিকনির্দেশনার অভাব দেখা গেছে বলে মনে করছেন তারা।
বিশ্বস্ত সূত্র জানায়, গত বৃহস্পতিবার কলকাতার নিউ টাউনের শাপুরজিতে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৈঠকে উপস্থিত নেতারা আশা করেছিলেন, শেখ হাসিনা ‘দৃঢ় বার্তা’ দেবেন এবং ‘প্রত্যাবর্তন আন্দোলনের’ জন্য স্পষ্ট রূপরেখা ঘোষণা করবেন। কিন্তু তার সাম্প্রতিক মন্তব্যে ‘হুংকারের ঘাটতি’ থাকায় নেতারা গভীর হতাশায় পড়েছেন।
নেতাদের মধ্যে প্রশ্ন উঠেছে, “আর কতদিন বসে থাকব?”—দলের বর্তমান নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। একাধিক সূত্র জানিয়েছে, নিষেধাজ্ঞার মুখে থাকা দলের নেতাকর্মীরা দিকনির্দেশনা না পেয়ে অসহায় ও হতাশ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ই-মেইল মারফত দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, তিনি বর্তমানে দিল্লিতে ‘মুক্ত অবস্থায়’ আছেন, তবে পরিস্থিতি স্থিতিশীল না হলে বাংলাদেশে ফিরবেন না। এই বক্তব্যেই নেতাদের মধ্যে হতাশা আরও বেড়েছে।
বৈঠকে ওবায়দুল কাদেরও বর্তমান সংকটের ভয়াবহতা তুলে ধরেন এবং এক পর্যায়ে হতাশা প্রকাশ করেন। সেখানে দলের ভেতরে বিভাজনের ইঙ্গিতও স্পষ্ট হয়। কেউ কেউ মত দেন, যদি শেখ হাসিনা বর্তমানে সরাসরি নেতৃত্ব দিতে না পারেন, তবে দলের হাল সাময়িকভাবে অন্য কারও হাতে তুলে দেওয়া উচিত।
এদিকে শেখ হাসিনা তার সাক্ষাৎকারে বলেন, তিনি কেবল “বৈধ সরকারের অধীনে” দেশে ফিরবেন—যেখানে সংবিধান সুরক্ষিত থাকবে। তিনি আরও জানান, আওয়ামী লীগকে বাদ দিয়ে গঠিত কোনো সরকারের অধীনে তিনি বাংলাদেশে ফিরবেন না।
এমন মন্তব্যে কলকাতায় অবস্থানরত আওয়ামী নেতাদের মধ্যে চরম হতাশা ও বিভ্রান্তি তৈরি হয়েছে। তারা মনে করছেন, দলের ভবিষ্যৎ কৌশল নিয়ে এখনই কঠোর ও স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া জরুরি।
শেখ হাসিনা ইঙ্গিত দিয়েছেন, পরিস্থিতি অনুকূলে এলে এবং দলের নির্বাচনে অংশগ্রহণের নিশ্চয়তা পাওয়া গেলে তিনি ঢাকায় ফিরতে পারেন। তবে এখনো পর্যন্ত ফেরার নির্দিষ্ট সময় বা পরিকল্পনা ঘোষণা করেননি।