চলতি বছরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর প্রায় তিন হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, “আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনাগুলো কোনোভাবেই গণগ্রেফতার নয়। পলাতক নেতাদের অর্থায়নে ঢাকায় ঝটিকা মিছিল ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালানো হচ্ছিল, আর এসব কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্তদেরই আটক করা হয়েছে।”
ডিএমপির এই কর্মকর্তা জানান, শুক্রবার ভোর থেকে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এতে ঝটিকা মিছিলের চেষ্টা করার সময় ৪৬ জন এবং শেরেবাংলা নগর এলাকা থেকে আরও ১৮ জনকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ঢাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সক্রিয়তা বেড়েছে। তারা ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। চলতি বছরে গ্রেফতার হওয়া তিন হাজার নেতাকর্মীর অধিকাংশই এসব কার্যক্রমে জড়িত ছিলেন।