প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

অবৈধ নির্মাণের তথ্য জানতে গিয়ে দুই সাংবাদিক নির্যাতিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৫

জামালপুরের সরিষাবাড়ীতে সরকারি জমিতে অবৈধ ভবন নির্মাণের তথ্য সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার হয়েছেন। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে পৌর এলাকার মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

হামলার শিকার সাংবাদিকরা হলেন — দৈনিক কালবেলা’র উপজেলা প্রতিনিধি মো. ইসমাইল হোসেন (৪৫) এবং দৈনিক ঘোষণা পত্রিকার প্রতিনিধি তৌকির আহমেদ হাসু। বর্তমানে তারা সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগে বলা হয়, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে সরকারি জমিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ করছিলেন সঞ্জয় চৌধুরী (৪৫) ও হৃদয় চৌধুরী (৪০)। বিষয়টি জানতে ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা সাংবাদিকদের গালিগালাজ, হামলা এবং প্রাণনাশের হুমকি দেন।

পরে ভুক্তভোগী ইসমাইল হোসেন সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, যেখানে দুই ভাইকে অভিযুক্ত করা হয়েছে। তারা জামালপুরের সরিষাবাড়ী উপজেলার দিয়ার কৃষ্ণাই গ্রামের বাসিন্দা লক্ষী চাঁনের ছেলে।

অভিযুক্ত সঞ্জয় চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেন, “এটি কেবল বাকবিতণ্ডার ঘটনা ছিল, কোনো হামলা হয়নি।”

সাংবাদিক ইসমাইল হোসেন বলেন, “রাষ্ট্রীয় জমি দখলের বিষয়ে তথ্য নিতে গেলে আমাদের ওপর নৃশংস হামলা চালানো হয় এবং হত্যার হুমকি দেওয়া হয়।”

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সচেতন মহল ও সাংবাদিক সমাজ এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা