রাজধানীতে নাশকতার পরিকল্পনা ও ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের ৪৬ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানায় একযোগে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। শেরেবাংলা নগর থানা থেকে ১৮ জন, সিটিটিসি (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) ইউনিট থেকে ১৩ জন, খিলক্ষেত থানা থেকে ৪ জন, উত্তরা থেকে ২ জন, বাড্ডা থেকে ৩ জন, বনানী থেকে ৩ জন এবং তেজগাঁও থানা থেকে আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সক্রিয় সদস্য আনিসুজ্জামান রনি, মুন্না মিয়া, জাকির হোসেন খান, কামরুজ্জামান, ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোমিনুল হাসান সোহান, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম বাঁধন, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন, এবং বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
ডিএমপি সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ব্যানারে সরকারবিরোধী কর্মসূচির অংশ হিসেবে ঝটিকা মিছিলের পরিকল্পনা করছিলো সংগঠনটির নেতাকর্মীরা।
খিলক্ষেত, উত্তরা, বাড্ডা, বিজয়নগর, শেরেবাংলা নগর, বনানী ও তেজগাঁও এলাকায় এসব প্রস্তুতিকালে তাদের হাতে নাতে গ্রেপ্তার করা হয়।
উত্তরা পশ্চিম থানার কর্মকর্তারা জানান, সকাল ৭টা ৩০ মিনিটের দিকে উত্তরা ৯ নম্বর সেক্টরে ছাত্রলীগের একটি গ্রুপ ব্যানার নিয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে গেলেও দুজনকে হাতে নাতে ধরা হয়।
এছাড়া, শেরেবাংলা নগর থানার কর্মকর্তারা জানান, সকাল ৬টা ৪০ মিনিটে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সামনে প্রায় ১০০ জনের একটি দল অবৈধ মিছিলে অংশ নেয়। সেখানে থেকে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়।
সিটিটিসির একটি টিমও বিজয়নগর এলাকায় অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করে, যারা সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গেছে।
ডিএমপির ডিসি তালেবুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতা ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার ষড়যন্ত্রের অভিযোগে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।