প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

যুগোপযোগী প্রশিক্ষণে সক্ষমতা বাড়াতে সেনাসদস্যদের প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৫

চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে অবস্থিত আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে (এসিএন্ডএস) অনুষ্ঠিত হয়েছে রেজিমেন্ট অব আর্টিলারির ৪৪তম এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম বাৎসরিক অধিনায়ক সম্মেলন। অনুষ্ঠানে সেনাসদস্যদের আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, সেনাপ্রধান প্রধান অতিথি হিসেবে এসিএন্ডএস-এ পৌঁছালে তাকে স্বাগত জানান জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; জিওসি, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া এবং কমান্ড্যান্ট, এসিএন্ডএস।

সম্মেলনে সেনাপ্রধান উভয় কোরের গৌরবোজ্জ্বল ইতিহাস ও দেশপ্রেমে নিবেদিত ভূমিকার কথা তুলে ধরে বলেন, “আধুনিক যুদ্ধের প্রযুক্তি ও কৌশল রপ্ত করে সৈনিকদের হতে হবে আরও সক্ষম, আরও প্রস্তুত।”

তিনি আর্টিলারি ও এয়ার ডিফেন্স কোরের সব সদস্যকে উন্নত প্রশিক্ষণ, গবেষণা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সেনাবাহিনীর সামগ্রিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় সেনাপ্রধান কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রযুক্তিগত অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা ও পেশাগত উন্নয়ন সংক্রান্ত বিষয়ে মতামত বিনিময় করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন — জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; মহাপরিচালক, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর; জিওসি ১৭ ও ২৪ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডারগণ; মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স, বাংলাদেশ সেনাবাহিনী; বেপজার চেয়ারম্যান, সিনিয়র ডাইরেক্টিং স্টাফ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর এসিএন্ডএস-এ রেজিমেন্ট অব আর্টিলারির ১০ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব নেন মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার, মহাপরিচালক, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মেজর জেনারেল মো. আবু বকর সিদ্দিক খান, মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স, বাংলাদেশ সেনাবাহিনী।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা