বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’ এখন আর তেমন শক্তিশালী নেই। দুর্বল হয়ে এটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে ভারতের উত্তর ছত্তিশগড় ও আশপাশের এলাকায় অবস্থান করছে এই লঘুচাপটি।
এর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টা দেশের তিনটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ শুক্রবার (৩১ অক্টোবর) বেলা ১১টার পর আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি.) থেকে অতি ভারী (৮৮ মি.মি.-এর বেশি) বৃষ্টি হতে পারে।
অন্যদিকে, কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিদ গবেষক মোস্তফা কামাল পলাশ তার ফেসবুক পোস্টে জানান, ‘মোন্থা’র প্রভাবে আজ সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।’
বৃষ্টির সম্ভাবনা সিলেট ও ময়মনসিংহ বিভাগে: সীমান্তবর্তী উপজেলাগুলোয় হালকা থেকে মাঝারি বৃষ্টি রংপুর ও রাজশাহী বিভাগে: দিনাজপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, জয়পুরহাট, বগুড়ায় বৃষ্টির প্রবণতা বেশি ঢাকা বিভাগে: টাঙ্গাইল, গাজীপুর ও কিশোরগঞ্জ ছাড়া অন্যান্য জেলায় দুপুরের আগে বৃষ্টির সম্ভাবনা কম খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে: উপকূলীয় জেলাগুলোর কিছু স্থানে হালকা বৃষ্টি হতে পারে
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে সাময়িক দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির ফলে সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে।