আসন্ন জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে জানিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জুলাই সনদের আলোকে একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে। সরকারের ইচ্ছা থাকলে জানুয়ারিতেই নির্বাচন আয়োজন সম্ভব।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, “জুলাই সনদ ও এর বাস্তবায়ন নিয়ে দেশের বিভিন্ন রাজনৈতিক দল একমত হয়েছে। কিন্তু কিছু দল নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য নির্বাচনের আগে গণভোটের বিষয়টি সামনে আনছে।”
তিনি আরও বলেন, “জাসদ ও গণঅধিকার পরিষদের আদর্শের মধ্যে অনেক মিল রয়েছে। যেমন একসময় জাসদ শেখ মুজিবুর রহমানের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করেছিল, তেমনি গণঅধিকার আওয়ামী লীগের দমননীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে।”
রাজনীতির নতুন বাস্তবতায় ‘সাইবার যুদ্ধ’-এর গুরুত্বের কথাও উল্লেখ করেন নুর। তিনি বলেন, “এখন রাজনীতি শুধু মাঠে নয়, অনলাইনেও লড়াই চলছে। আমাদের বিরুদ্ধে নানা ভুল ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, প্রচার চালানো হচ্ছে যে আমরা সংস্কার চাই না — এটা সম্পূর্ণ বিভ্রান্তিকর।”