প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সারদা পুলিশ একাডেমি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ডিআইজি এহসানুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৫

রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন ডিআইজি এহসানুল্লাহ। গত বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পুলিশ বিভাগসহ রাজশাহীজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগে তদন্তাধীন অবস্থায় ছিলেন বরিশালের সাবেক পুলিশ সুপার, বর্তমানে পুলিশ একাডেমির সাপ্লাই বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডিআইজি এহসানুল্লাহ। বুধবার সকালে তাকে গ্রেফতারের উদ্দেশ্যে একটি বিশেষ টিম একাডেমিতে প্রবেশ করলে তিনি রহস্যজনকভাবে সেখান থেকে পালিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম বলেন,
“ডিআইজি এহসানুল্লাহ বুধবার সকাল থেকে একাডেমিতে অনুপস্থিত। শুনেছি, ঢাকায় থেকে একটি টিম তাকে আটক করতে এসেছিল। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, গ্রেফতারের খবর আগে থেকেই জানতে পারেন ডিআইজি এহসানুল্লাহ। পরে তিনি মোটরসাইকেলে করে একাডেমি ত্যাগ করেন। কোথায় গেছেন, তা এখনো নিশ্চিত নয়।

এই ঘটনায় পুলিশ একাডেমি ও রাজশাহী অঞ্চলে ব্যাপক জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তার অবস্থান নিশ্চিত করতে অনুসন্ধান শুরু করেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা