প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চার দিনের সরকারি সফরে পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৫

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চার দিনের সরকারি সফরে আগামী বৃহস্পতিবার (৬ নভেম্বর) নিজ জেলা পাবনায় যাচ্ছেন। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার (২৯ অক্টোবর) এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারযোগে পাবনায় পৌঁছাবেন রাষ্ট্রপতি। পৌঁছে জেলা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন এবং সেখানেই রাত যাপন করবেন তিনি।

পরদিন শুক্রবার (৭ নভেম্বর) সকালে আরিফপুরে পিতা-মাতার কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। পরে আত্মীয়স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

শনিবার (৮ নভেম্বর) দিনব্যাপী জেলা সার্কিট হাউসেই অবস্থান করবেন তিনি এবং নিকট আত্মীয় ও শুভানুধ্যায়ীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। রাতেও সার্কিট হাউসেই অবস্থান করার কথা রয়েছে তার।

সফরের শেষ দিন রোববার (৯ নভেম্বর) সকালে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারে করে ঢাকায় ফিরবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতির সফরকে ঘিরে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রশাসনিক সমন্বয় ও যানবাহন ব্যবস্থাপনায় জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা