জাতীয় মানবাধিকার কমিশনকে আরও কার্যকর ও শক্তিশালী প্রতিষ্ঠানে রূপ দিতে নতুন জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এই অধ্যাদেশটি অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, “আগের মানবাধিকার কমিশন কার্যত শক্তিহীন ছিল—নিয়োগ পদ্ধতির জটিলতা, সীমিত এখতিয়ার এবং নেতৃত্বের দুর্বলতার কারণে প্রতিষ্ঠানটি তার প্রত্যাশিত ভূমিকা রাখতে পারেনি। এবার সেটিকে প্রকৃত অর্থে ক্ষমতাসম্পন্ন ও সক্রিয় প্রতিষ্ঠানে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।”
ড. আসিফ নজরুল আরও জানান, নতুন অধ্যাদেশে কমিশনের কাঠামো, এখতিয়ার ও নিয়োগ প্রক্রিয়ায় মৌলিক পরিবর্তন আনা হয়েছে। কমিশনে একজন চেয়ারম্যানসহ চারজন সার্বক্ষণিক সদস্য থাকবেন। নিয়োগের স্বচ্ছতা নিশ্চিত করতে আপিল বিভাগের একজন বিচারকের নেতৃত্বে সাত সদস্যের একটি বাছাই কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন আহ্বান করে সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
নতুন অধ্যাদেশ অনুযায়ী, কমিশনের এখতিয়ার এখন আরও বিস্তৃত করা হয়েছে। শৃঙ্খলা বাহিনীসহ রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও এখন থেকে কমিশনের তদন্তের আওতায় আসবে।
তিনি বলেন, “আগের আইনে এই ধরনের অভিযোগে কমিশনের হাত ছিল বাঁধা। এবার সেই সীমাবদ্ধতা দূর করা হয়েছে।”
এছাড়া গুম প্রতিরোধ, ভুক্তভোগীদের সুরক্ষা ও মানবাধিকার সংরক্ষণ সংক্রান্ত সব আইনের বাস্তবায়নের দায়িত্ব মানবাধিকার কমিশনের ওপর ন্যস্ত করা হয়েছে। ফলে আলাদা করে ‘গুম কমিশন’ গঠনের আর প্রয়োজন হবে না।
অধ্যাদেশে কমিশনের আদেশকে বাধ্যতামূলক করার বিধানও যুক্ত করা হয়েছে। আইন উপদেষ্টা জানান, “এখন থেকে কমিশনের নির্দেশনা বা সুপারিশ উপেক্ষা করা যাবে না। আইনি কাঠামোয় এর বাধ্যবাধকতা সংযোজন করা হয়েছে।”
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।