নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে ১১৯টি নির্বাচনী প্রতীকের নতুন তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এই তালিকায় ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত করাকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতারণামূলক ও অসম্মানজনক হিসেবে দেখছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কার্যালয়ে জাতীয় যুবশক্তির উদ্যোগে আয়োজিত ‘জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে?’ শীর্ষক সেমিনারে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন,“আমরা শাপলা প্রতীক চেয়েছিলাম, কিন্তু গেজেটে দেয়া হয়েছে শাপলার কলি। কোনো আইনি ব্যাখ্যা বা যুক্তি ছাড়াই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটি যেন ইসি এবং বড় দলগুলোর তৈরি করা একটি ন্যারেটিভ—তোমরা এখনো ছোট, ফুটো না, পুরো দল না।”
তিনি আরও বলেন, “এই প্রতীক দিয়ে কমিশন আসলে তরুণ রাজনীতিকে হেয় করছে। শাপলার কলি মানে রাজনৈতিকভাবে আমাদের ‘অপরিপক্ব’ দেখানোর চেষ্টা। কিন্তু এই প্রজন্ম এমন মানসিক চাপে মাথা নত করবে না। যদি কলি দিতে পারে, তাহলে শাপলাও দিতে পারে।”
সামান্তা শারমিন নির্বাচন কমিশনের কাঠামোগত পরিবর্তনের দাবিও তোলেন। তিনি বলেন, “এই কমিশন পুনর্গঠন না করা পর্যন্ত দেশে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কমিশনের চেয়ারম্যান নিয়োগও নিরপেক্ষ বাছাই কমিটির মাধ্যমে হতে হবে।”
উল্লেখ্য, আজ প্রকাশিত গেজেটে ১১৯টি প্রতীকের তালিকা দিয়েছে ইসি। এর আগে ২৫ সেপ্টেম্বর প্রকাশিত তালিকায় ছিল ১১৫টি প্রতীক। নতুন তালিকায় ১৬টি প্রতীক বাদ দেয়া হয়েছে এবং ‘শাপলা কলি’-সহ ২০টি নতুন প্রতীক যুক্ত হয়েছে।