প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নির্বাচন কমিশনের গেজেট প্রশ্নে আপসহীন এনসিপি: শাপলা প্রতীকেই নির্বাচন দাবি

আওয়ামী লীগকে ফেরানোর কারিগর নুর! দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫

নির্বাচন কমিশনের সাম্প্রতিক গেজেটে দেওয়া ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, কমিশন কোন যুক্তিতে এই প্রতীক নির্ধারণ করেছে তা স্পষ্ট নয়, তবে “শাপলার প্রশ্নে এনসিপি আপসহীন।”

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে জাতীয় যুবশক্তি আয়োজিত ‘জুলাই সনদের বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন কোন পথে?’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, এবং এতে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা, ডা. খালেদ সাইফুল্লাহ প্রমুখ।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “কমিশনকে শাপলার বিষয়টি স্পষ্ট করতে হবে। আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশ নিতে চাই, তবে প্রতীকের প্রশ্নে কোনো আপস করব না। প্রয়োজনে কমিশন কার্যালয়ের সামনে গণতান্ত্রিক আন্দোলনে নামব।”

তিনি অভিযোগ করেন, “বিএনপি ঐকমত্য কমিশনে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে দলীয় স্বার্থে। নতুন বাংলাদেশে এই ভাইয়াগিরি চলবে না। জুলাই সনদে আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার ড. ইউনূসের, সেটি দ্রুত বাস্তবায়ন করতে হবে।”

এনসিপি নেতা আরও বলেন, “জামায়াত ও বিএনপি মুখে বিরোধের কথা বললেও বাস্তবে আসন ভাগাভাগি নিয়ে দরকষাকষি করছে। এতে বোঝা যায় তারা জুলাই চেতনা বাস্তবায়নে আন্তরিক নয়। সেই জায়গাতেই এনসিপির সম্ভাবনা তৈরি হয়েছে।”

এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, “কোনো আইনি কারণ ছাড়াই আমাদের প্রতীক পরিবর্তন করা হয়েছে। নির্বাচন কমিশন আমাদের ছোট দল ভেবে অবমূল্যায়ন করেছে, এটি বৈষম্যমূলক।”

আরেক যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা বলেন, “আমরা জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত, তবে আগে এর বাস্তবায়নের সুস্পষ্ট রূপরেখা দিতে হবে।”

সভাপতির বক্তব্যে জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম বলেন, “নির্বাচন কমিশন জমিদারসুলভ আচরণ করছে। এটি বন্ধ করতে হবে। শাপলাই হবে এনসিপির প্রতীক, আর জুলাই সনদের আদেশ দ্রুত জারি করতে হবে।”

সেমিনারটি সঞ্চালনা করেন জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা