প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জুলাই সনদ ও গণভোটের সময় নির্ধারণে দ্রুত সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের সময়সূচি নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি জানান, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

আইন উপদেষ্টা বলেন, “গণভোট কবে হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ এখন তীব্রতম পর্যায়ে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা নিজেই। উপদেষ্টা পরিষদ কেবল সহায়তার ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “খুব শিগগিরই জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের সময়সূচি নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করা হবে।”

এর আগে, জাতীয় ঐকমত্য কমিশন গত মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশপত্র জমা দিয়েছে। এতে জাতীয় নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট আয়োজনের প্রস্তাব করা হয়।

অন্যদিকে, জামায়াতে ইসলামী দাবি করেছে, নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। অপরদিকে বিএনপি বলেছে, গণভোট নির্বাচনের দিনই অনুষ্ঠিত হতে হবে, এর বাইরে কোনো বিকল্প নেই।

এই প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, “দীর্ঘ ২৭০ দিন আলোচনা চলার পরও রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য দেখা যাচ্ছে, তা হতাশাব্যঞ্জক। এই তীব্র বিরোধ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।”
তিনি আরও বলেন, “দলগুলোকে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে। এখন যদি তারা নিজ নিজ অবস্থানে অনড় থাকে, তাহলে সেটা জুলাই সনদের চেতনার পরিপন্থী।”

জুলাই সনদ ইস্যুতে অনৈক্য জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন,
“যে যাই বলুক, আমরা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচন আয়োজনের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা