জামালপুর জেলা বিএনপির সভাপতি ও জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম তার বিরুদ্ধে চলমান গুজব ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১২টায় সরিষাবাড়ী উপজেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, “যমুনা সার কারখানায় দৈনিক হাজিরা ভিত্তিক শ্রমিক সরবরাহের কাজে আল-মমিন আউটসোর্সিং সার্ভিসেস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদা দাবি করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”
তিনি জানান, প্রতিষ্ঠানটির সঙ্গে তার কখনো কোনো যোগাযোগ বা সাক্ষাৎ হয়নি, তবুও একটি মহল রাজনৈতিক স্বার্থে তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালাচ্ছে।
তিনি অভিযোগ করেন, “সরিষাবাড়ী মানুষের প্রতিবাদী আওয়াজ, আদি বিএনপি সরিষাবাড়ী, সময়ের আয়না, ভয়েস অব সরিষাবাড়ী, আসাধারণ মানুষ সরিষাবাড়ী, তসনদের ধানের শীষ”সহ কয়েকটি ফেসবুক পেজ ও ফেক আইডি থেকে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।
তিনি এসব অপপ্রচারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, “একটি মহল রাতের আঁধারে নিজেদের ব্যানার ছিঁড়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। স্থানীয় রাজনীতিকে অস্থিতিশীল করতে কিছু ব্যক্তি ষড়যন্ত্রে লিপ্ত।”
শামীম তালুকদার আরও বলেন, “এলডিপির ছত্রছায়ায় থাকা কিছু অনুসারী গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তার সম্পূর্ণ দায়দায়িত্ব সেই মহলকেই নিতে হবে।”
তিনি প্রশাসনের প্রতি ফেসবুকে গুজব ছড়ানো ফেক আইডি ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দুল আওয়াল, সহ-সভাপতি জাহাঙ্গীর কবীর, সিনিয়র যুগ্ম সম্পাদক গোলাম রব্বানী লেকু, দপ্তর সম্পাদক প্রভাষক খাইরুল আলম শ্যামল, সাংগঠনিক সম্পাদক লাবিব উদ্দিন তালুকদার লিটন, কামরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল বারেকসহ অন্যান্য নেতাকর্মীরা।