রাজধানীতে আবারও স্বাভাবিকভাবে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকেই আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত সব রুটে নিয়মমাফিক ট্রেন চলাচল করতে দেখা গেছে।
এর আগে, বুধবার রাত সোয়া নয়টার পর থেকে আগারগাঁও–শাহবাগ অংশে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। সংশ্লিষ্ট সূত্র জানায়, ফার্মগেটের দুর্ঘটনাস্থলে পিলারের সংযোগস্থলে থাকা বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার পর সামান্য কম্পন দেখা যায়। নিরাপত্তার স্বার্থে ওই অংশে মেট্রো চলাচল অস্থায়ীভাবে স্থগিত করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
তবে ওই সময়েও মতিঝিল–শাহবাগ এবং উত্তরা–আগারগাঁও অংশে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। রাতে ডিএমটিসিএলের প্রযুক্তি ও রক্ষণাবেক্ষণ দল দ্রুত মেরামত কাজ সম্পন্ন করে। সবকিছু নিরাপদ নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকে পুরো রুটে চলাচল স্বাভাবিক ঘোষণা করা হয়।
উল্লেখ্য, গত রোববার (২৬ অক্টোবর) দুপুরে ফার্মগেট স্টেশনের পশ্চিম পাশে একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে গেলে এক যুবক, আবুল কালাম, নিহত হন। দুর্ঘটনার পর সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে সীমিত আকারে মেট্রোরেল চালু করা হয়। এরপরও তিন দিন ধরে ওই এলাকায় ধীরগতিতে ট্রেন চলাচল করছিল।
ডিএমটিসিএল জানিয়েছে, বর্তমানে পুরো রুটে চলাচল সম্পূর্ণ নিরাপদ, এবং ট্রেনগুলো পূর্বের মতো সময়সূচি মেনে চলবে।