প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এক এনআইডিতে ১০ টির বেশি সিম বন্ধ হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫

একজন ব্যক্তির নামে ১০টির বেশি সিম নিবন্ধিত থাকলে অতিরিক্ত সিমগুলো আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দিচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

 

সম্প্রতি বিটিআরসির এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে সর্বোচ্চ ১০টি সিম রেজিস্ট্রেশন করার সুযোগ থাকবে। এর বেশি সিম থাকলে সেগুলো আজকের মধ্যে অপারেটরের মাধ্যমে ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে হবে। নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সিম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে সংস্থাটি।

 

বিটিআরসি জানিয়েছে, গ্রাহকরা চাইলে পছন্দমতো ১০টি সিম সক্রিয় রাখতে পারবেন। অতিরিক্ত সিম রাখলে তা বাতিল বা অন্যের নামে হস্তান্তর করার সুযোগ রাখা হয়েছে। তবে নির্ধারিত সময়ের পর গ্রাহকের অজান্তেই অতিরিক্ত সিম স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় (ডি-অ্যাক্টিভেট) করা হবে।

 

গ্রাহকরা নিজেদের নামে কয়টি সিম নিবন্ধিত আছে তা জানতে পারবেন সহজেই। যেকোনো অপারেটর—গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক বা টেলিটক—থেকে *১৬০০১# ডায়াল করে জাতীয় পরিচয়পত্রের শেষ চারটি সংখ্যা পাঠাতে হবে। এরপর ফিরতি এসএমএসে জানিয়ে দেওয়া হবে কতটি সিম নিবন্ধিত আছে এবং কোন কোন অপারেটরের নামে সেগুলো সক্রিয় রয়েছে।

 

বিটিআরসি বলছে, এই পদক্ষেপের মাধ্যমে অবৈধ সিম ব্যবহার, প্রতারণা, জালিয়াতি ও অপরাধমূলক কার্যক্রম রোধে কার্যকর ভূমিকা রাখবে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা