প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্রশাসনের হস্তক্ষেপে রূপগঞ্জে পিএসআরএম রোলিং মিল শ্রমিকদের অবরোধ প্রত্যাহার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চার মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে পিএসআরএম রোলিং মিলের কর্মচারীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। বুধবার দুপুরে ঢাকা–সিলেট মহাসড়কের গাউছিয়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

শ্রমিকরা অভিযোগ করেন, দীর্ঘ চার মাস ধরে বেতন না পাওয়ায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। বকেয়া বেতন পরিশোধের দাবিতে তারা মহাসড়কে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ করে দেন। এতে স্কুল–কলেজগামী শিক্ষার্থী ও অফিসপথের সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তারিকুল ইসলাম। তারা শ্রমিকদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণভাবে অবরোধ তুলে নিতে অনুরোধ জানান।

উপজেলা প্রশাসন জানায়, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের বিষয়ে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। পাশাপাশি, যেকোনো দাবি আদায়ে আইনানুগ ও শান্তিপূর্ণ পন্থা অবলম্বনই সর্বোত্তম পথ—এ বিষয়ে শ্রমিকদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

প্রশাসনের আশ্বাসে অবশেষে শ্রমিকরা অবরোধ তুলে নেন এবং দ্রুত বেতন সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা