প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মহিলা জামায়াতের তালিমে স্বেচ্ছাসেবক দলের হামলা ও ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৫

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় মহিলা জামায়াতের তালিমে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার নেতৃত্ব দিয়েছেন দেওটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. রবিন।

ঘটনা ঘটেছে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে দেওটি ইউনিয়নের উত্তর দেওটি গ্রামের মাঈন উদ্দিন ব্যাপারীর বাড়িতে। জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে ওই বাড়ির উঠোনে তালিমের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান শুরুর আগমুহূর্তে স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতা উপস্থিত হয়ে আয়োজকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। অভিযোগ, অনুমতি ছাড়াই তালিম আয়োজন করা হয়েছে এবং হুমকি-ধমকি দিয়ে চেয়ার ভাঙচুর ও অনুষ্ঠান পণ্ড করা হয়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মো. রবিন মহিলা জামায়াতের কর্মীকে উদ্দেশ্য করে বলেন, “রাজনৈতিক তালিম এটা… তুই বাড়িতে আসছিস রাজনৈতিক আলাপ করতে।”

দেওটি ইউনিয়ন জামায়াতের আমির মো. সাইফুল ইসলাম জানান, আমেরিকা প্রবাসী আবদুল ওয়াদুদের বাড়িতে তালিমের আয়োজন অনুমোদিত ছিল এবং অনুষ্ঠান পৃষ্ঠপোষক ছিলেন।

অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা মো. রবিন জানান, মহিলা তালিম সাধারণত ঘরের ভিতরে হয় এবং বড় ডেকোরেশন আনা ঠিক হয়নি। বাড়ির অনুমতি না নিয়ে রাজনৈতিক অনুষ্ঠান আয়োজন করায় তিনি প্রতিবাদ করেছেন।

সোনাইমুড়ী উপজেলা জামায়াতের আমির মো. হানিফ বলেন, হামলাটি নারীদের গণতান্ত্রিক অধিকার ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে নগ্ন হস্তক্ষেপের উদাহরণ।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা