প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চোরাই ও অবৈধ মোবাইল রোধে ‘এনইআইআর’ চালু করছে বিটিআরসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৫

দেশে চোরাই ও অবৈধ মোবাইল হ্যান্ডসেট নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চালু করছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) সিস্টেম।

বুধবার (২৯ অক্টোবর) বিটিআরসির বোর্ডরুমে আয়োজিত এক অনুষ্ঠানে সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। তিনি বলেন, এনইআইআর চালুর মাধ্যমে দেশের নেটওয়ার্কে ব্যবহৃত প্রতিটি মোবাইল হ্যান্ডসেটের নিবন্ধন বাধ্যতামূলক হবে, ফলে সহজেই শনাক্ত করা যাবে কোন ফোন বৈধ না অবৈধ।

চেয়ারম্যান জানান, বর্তমানে দেশে প্রায় ৩৭ থেকে ৩৮ শতাংশ নন-স্মার্টফোন ব্যবহৃত হচ্ছে, যা ডিজিটাল সেবার প্রসারে বাধা সৃষ্টি করছে। এনইআইআর চালুর ফলে স্থানীয়ভাবে উৎপাদিত হ্যান্ডসেটের বাজার সুরক্ষা পাবে এবং চোরাই বা রিফারবিশড ফোনের বিক্রি রোধে এটি কার্যকর ভূমিকা রাখবে।

তিনি বলেন, দেশে এখন ১৮টি প্রতিষ্ঠান স্থানীয়ভাবে ফোন উৎপাদন করছে। অথচ অবৈধ হ্যান্ডসেট বাজারে প্রবেশ করায় দাম স্থিতিশীল রাখা যাচ্ছে না। নতুন এই সিস্টেমের মাধ্যমে অবৈধ মোবাইল শনাক্ত ও দেশীয় ব্র্যান্ডগুলোকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখা সম্ভব হবে।

নিরাপত্তার দিক থেকেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ উল্লেখ করে এমদাদ উল বারী বলেন, নির্দিষ্ট ফোনে নির্দিষ্ট সিম ব্যবহারের নিয়ম কার্যকর করা হবে। অন্য সিম ব্যবহার করতে চাইলে পুনরায় নিবন্ধন করতে হবে। এতে চুরি হওয়া বা অপরাধে ব্যবহৃত মোবাইল ট্র্যাকিং আরও সহজ হবে।

তিনি আরও জানান, বিটিআরসি সিম রেজিস্ট্রেশনেও কঠোরতা বাড়িয়েছে। এখন থেকে একটি এনআইডিতে সর্বোচ্চ ১০টি সিম রাখা যাবে। আগামী ১ নভেম্বর থেকে অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করা শুরু হবে, এবং ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়্যব।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা