জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পেছনে সরকারের ব্যয় যেখানে মাত্র ৭৬৫ টাকা, তাও সরাসরি বিশ্ববিদ্যালয় পায় না। এ অবস্থায় দেশের সবচেয়ে বড় এই বিশ্ববিদ্যালয়ে গুণগত শিক্ষা নিশ্চিত করা কঠিন বলে মন্তব্য করেছেন উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর গুলশানে অনুষ্ঠিত ইকোনমিক রিফরম সামিট ২০২৫ এর এক সেশনে তিনি বলেন, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীপ্রতি বার্ষিক ব্যয় দুই থেকে তিন লাখ টাকা। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য বরাদ্দ তুচ্ছ, ফলে মানোন্নয়ন অসম্ভব।
উপাচার্য আরও জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের প্রায় দুই-তৃতীয়াংশই বেসরকারি, যেখানে সরকার শুধু এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সামান্য অর্থ দেয়। এর ফলে ফি বাড়ালে সমালোচনা, না বাড়ালে শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়।
তিনি বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪০ লাখ, কিন্তু সরকারি অর্থায়নের ঘাটতির কারণে কার্যক্রমে সমস্যা দেখা দিচ্ছে। প্রতি বছর প্রায় সাত লাখ শিক্ষার্থী স্নাতক ডিগ্রি অর্জন করলেও দক্ষতার ঘাটতির কারণে অধিকাংশই বেকার থাকেন।
সমাধানের জন্য সিলেবাস সংস্কার করা হয়েছে; এখন থেকে স্নাতক সম্মান পর্যায়ে আইসিটি ও ইংরেজি বাধ্যতামূলক করা হয়েছে। গবেষণা, শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে সরকারি সহায়তা বাড়ানো জরুরি, নইলে গুণগত শিক্ষা নিশ্চিত করা সম্ভব হবে না।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফাহিম মাশরুর, বক্তব্য রাখেন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের পলিসি অ্যাডভাইজার জিয়া হাসান, ব্রেইন-এর নির্বাহী পরিচালক ড. শফিকুর রহমান, বিল্ডনেশন-এর প্রতিষ্ঠাতা মাহতাব উদ্দিন আহমেদ ও বিএনপি মিডিয়া সেলের মাহমুদা হাবিবা।