গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, “আজ আমরা মুক্ত ও স্বাধীন দেশে বাস করছি। একটি গণতান্ত্রিক সমাজের স্বপ্ন বাস্তবায়নের জন্য নতুন নেতৃত্ব অপরিহার্য।”
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে সিলেটের বিয়ানীবাজার পৌর শহরের দক্ষিণ বাজারে সিলেট–৬ (বিয়ানীবাজার–গোলাপগঞ্জ) নির্বাচনী আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী অ্যাডভোকেট মো. জাহিদুর রহমানের সমর্থনে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, “সম্প্রীতির বাংলাদেশ গড়তে হলে নতুন নেতৃত্ব অপরিহার্য। গণঅধিকার পরিষদ সেই নতুন নেতৃত্ব তৈরির কাজ করছে।” তার মতে, বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার পেছনে যারা রক্ত ও ত্যাগ দিয়েছেন, তাদের স্মরণ করা প্রয়োজন। ভোটের মাধ্যমে পরিবর্তনের সংগ্রামকে সাফল্যে রূপ দিতে হবে। পুরোনো রাজনীতিবিদদের সুযোগ দিলে দেশে জুলুম ও নিপীড়নের রাজনীতি ফিরে আসতে পারে।
সমাবেশে নুরুল হক নুর আনুষ্ঠানিকভাবে সিলেট-৬ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী অ্যাডভোকেট মো. জাহিদুর রহমানকে ‘ট্রাক প্রতীক’ তুলে দেন।
তিনি জানান, আসন্ন নির্বাচনে গণঅধিকার পরিষদ জোটবদ্ধভাবে অংশগ্রহণ করবে এবং অধিকাংশ আসনে দলীয় প্রার্থীরা ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।