বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধ প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো সরকার অনুমোদিত আন্তঃসীমান্ত বিদ্যুৎ ক্রয় চুক্তির আওতায় বিদেশি সরবরাহকারীদের অর্থ প্রদান করতে পারবে—এর জন্য আর প্রতিটি ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের আলাদা অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না।মঙ্গলবার (২৮ অক্টোবর) জারি করা এক প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক জানায়, এ সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো জাতীয় গ্রিডে আমদানি করা বিদ্যুতের মূল্য পরিশোধ প্রক্রিয়া দ্রুত ও সহজ করা।
নতুন নীতিমালা অনুযায়ী— অনুমোদিত ব্যাংকগুলো নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে বিদেশি কোম্পানিকে অর্থ পাঠাতে পারবে;ব্যাংকগুলোকে বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা, গ্রাহক যাচাই (KYC), অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ নীতিমালা মেনে চলতে হবে;পাশাপাশি বাংলাদেশ ব্যাংকে নিয়মিত প্রতিবেদন দাখিল করাও বাধ্যতামূলক করা হয়েছে।প্রজ্ঞাপনে আরও বলা হয়, যেসব ক্ষেত্রে শুল্ক বা কাস্টমস আনুষ্ঠানিকতা প্রয়োজন, সেখানে প্রচলিত আমদানি প্রক্রিয়া অনুসারেই অর্থ পরিশোধ করতে হবে।
বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে বাংলাদেশ বর্তমানে ভারত, নেপাল ও ভূটান থেকে বিদ্যুৎ আমদানি করছে।
নতুন এই নির্দেশনা কার্যকর হলে আমদানির আর্থিক লেনদেন আরও দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন করা সম্ভব হবে, যা জাতীয় গ্রিড ব্যবস্থাপনায় স্থিতিশীলতা আনবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।