প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিশ্ববাজারে আবারো সোনার দামে বড় পতন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৫

টানা কয়েকদিনের অস্বাভাবিক বৃদ্ধির পর বিশ্ববাজারে সোনার দামে বড় ধরনের পতন দেখা গেছে। সোমবার স্পট গোল্ডের দাম কমেছে প্রায় ৩ শতাংশ, আর মঙ্গলবার আরও ১ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৩,৯৬৩.৫৩ ডলারে।

এ মাসের শুরুতে প্রতি আউন্স সোনার দাম ৪,৩৮১ ডলার পর্যন্ত উঠেছিল। অর্থাৎ কয়েকদিনের ব্যবধানে সোনার দাম প্রায় ১০ শতাংশ হ্রাস পেয়েছে।

মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্ভাব্য বাণিজ্য চুক্তির ইঙ্গিত মিলতেই বাজারে স্বর্ণের দাম নিম্নমুখী হতে শুরু করে।
চুক্তির সম্ভাবনা তৈরি হওয়ায় চীনা পণ্যে নতুন শুল্ক আরোপ ও ভূরাজনৈতিক উত্তেজনা কমে যাওয়ার আশঙ্কা দেখা দেয়, যার প্রভাব পড়ে সোনার দামে।

বাজার বিশ্লেষকদের মতে, সোনার এই নিম্নমুখী ধারা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। ধারণা করা হচ্ছে, সোনার দাম নেমে যেতে পারে প্রতি আউন্স ৩,২৭০ থেকে ৩,৪৪০ ডলার পর্যন্ত—অর্থাৎ বর্তমান অবস্থান থেকে আরও ১৭ শতাংশ পর্যন্ত পতন হতে পারে।

তবে দীর্ঘমেয়াদে আবারও দাম বাড়তে পারে বলে ধারণা দিচ্ছে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো।

জেপি মর্গান পূর্বাভাস দিয়েছে, ২০২৬ সালে সোনার দাম আউন্সপ্রতি ৫,০৫৫ ডলার ছাড়াতে পারে এবং
২০২৮ সালে তা ৮,০০০ ডলার স্পর্শ করতে পারে।

গোল্ডম্যান স্যাকস বলছে, ২০২৬ সালের শেষ নাগাদ সোনার দাম হতে পারে ৪,৯০০ ডলার।বর্তমানে বৈশ্বিক অ-ব্যাংক বিনিয়োগকারীদের মোট সম্পদের ২.৬ শতাংশ সোনায় বিনিয়োগ করা, যা ২০২৮ সালে ৪.৬ শতাংশে পৌঁছাতে পারে বলে জেপি মর্গান জানিয়েছে।
এতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আগামী কয়েক বছরের মধ্যে সোনার দাম আবারও দ্বিগুণ হতে পারে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা