প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

খুলনায় পারভেজসহ জোড়া হত্যা মামলায় সাত আসামির মৃ’ত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৫

খুলনার দৌলতপুরে পারভেজ হাওলাদারসহ দুইজনকে হত্যা মামলায় সাত আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায়ের সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত–১ এর বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন — ইমামুল কবীর জীবন (পলাতক), রাজ, শহীদ শাহারিয়ার মিথুন, তুষার গাজী, সোয়েব সুমন (পলাতক), শাকিল (পলাতক) ও তুহিন। এছাড়া মামলার অপর দুই আসামি কুটি ও শামীমকে খালাস দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৩ জানুয়ারি খুলনার দৌলতপুরের দেয়ানা সবুজ সংঘ মাঠের কাছে সন্ত্রাসীরা গুলি ও ধারালো অস্ত্র দিয়ে পারভেজ হাওলাদারকে হত্যা করে। তাকে রক্ষা করতে গেলে স্থানীয়রা হামলার শিকার হন। এ সময় গুলিবিদ্ধ হন সুপর্না সাহা, যিনি পরে হাসপাতালে মারা যান। পরদিন নিহত পারভেজের বাবা নিজাম উদ্দিন দৌলতপুর থানায় ৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারহানা হক জানান, মামলায় মোট ৯ জন আসামি ছিলেন। এর মধ্যে ৭ জনকে মৃত্যুদণ্ড ও ২ জনকে খালাস দিয়েছে আদালত।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা