প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পল্টন ট্রাজেডির বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে চাইল জামায়াত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৫

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত সহিংস ঘটনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান।

গোলাম পরওয়ার বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনার বিচার আজও হয়নি। বহু বছর আগের মামলার রায় হতে পারে, অথচ পল্টনের সেই হত্যাকাণ্ডের বিচার এখনো শুরু হয়নি। আমরা চাই, সেই মামলাগুলো পুনরায় চালু হোক এবং প্রয়োজনে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার করা হোক।”

তিনি আরও বলেন, “যারা ওই ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিচার না হলে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে না। একইসঙ্গে তিনি সরকারকে জুলাই সনদের বাস্তবায়ন ও গণভোট দ্রুত আয়োজনের আহ্বান জানান।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, “২৮ অক্টোবর দেশের ইতিহাসে একটি নৃশংস দিন। ছাত্রশিবির দিনটিকে ‘পল্টন ট্রাজেডি দিবস’ হিসেবে পালন করে থাকে।” তিনি ঘটনার মামলা পুনরায় চালুর দাবি জানান।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন মাওলানা আব্দুল হালিম, ড. হেলাল উদ্দিন ও ড. শফিকুল ইসলাম মাসুদসহ সংগঠনের অন্যান্য নেতারা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পল্টন মোড়সহ আশপাশের সড়ক প্রদক্ষিণ করে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা