এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা বিপুল পরিমাণ জমি জব্দের নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক আদালতে এ সংক্রান্ত আবেদন করলে শুনানি শেষে বিচারক আবেদনটি মঞ্জুর করেন। আদেশে গাজীপুর ও কক্সবাজার জেলায় মোট প্রায় ১৪২২ বিঘা জমি জব্দের নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে রয়েছে গাজীপুর সদরে ৮.৫৮ একর, শ্রীপুরে ৪.৮৬ একর, কক্সবাজারের পেকুয়ায় ২৭২.৬৮ একর, মহেশখালীতে ১৮০.২৮ একর, কক্সবাজার সদরে ২.১২ একর এবং চকরিয়া এলাকায় প্রায় ০.৯৭ একর জমি।
দুদকের আবেদনে বলা হয়, সাইফুল আলম ও তার ঘনিষ্ঠরা বিভিন্ন ব্যাংক থেকে অনিয়মের মাধ্যমে নামে-বেনামে ঋণ গ্রহণ করে তা আত্মসাৎ করেছেন এবং ওই অর্থে দেশে-বিদেশে বিপুল সম্পদ গড়ে তুলেছেন। তদন্তে আরও জানা যায়, অভিযুক্তরা এসব সম্পদ অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছিলেন। এজন্য আদালতের মাধ্যমে সম্পত্তিগুলো জব্দ করা জরুরি হয়ে পড়ে, যাতে অনুসন্ধান শেষ হওয়ার আগে সম্পদ বেহাত না হয়।
দুদক সূত্র জানায়, এই মামলার তদন্ত চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ পরবর্তীতে গ্রহণ করা হবে।