প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সন্ধ্যা নামলেই নোবিপ্রবি পরিণত হয় মাদক ও অশ্লীলতার আড্ডাখানা

নোবিপ্রবি প্রতিনিধি:
প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৫

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি), একসময় যাকে বলা হতো শিক্ষা ও গবেষণার পবিত্র পীঠস্থান—সেই ক্যাম্পাস এখন ধীরে ধীরে রূপ নিচ্ছে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থলে। প্রতিনিয়ত ঘটছে মাদকাসক্তি ও অশ্লীল আচরণের ঘটনা। তবে এসব ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তা ও শাস্তিমূলক পদক্ষেপের অভাব নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর (বুধবার) অর্থনীতি বিভাগের এক শিক্ষার্থী যুগলকে রাতের বেলায় প্রশান্তি পার্কে আপত্তিকর অবস্থায় আটক করে প্রক্টরিয়াল বডির সদস্যরা। পরদিন ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) ওশানোগ্রাফি বিভাগের এক শিক্ষার্থীকে মাদকাসক্ত অবস্থায় ছাত্র পরামর্শক অফিসে নিয়ে আসা হয়। সেখানে উপস্থিত শিক্ষকদের সামনেই তিনি অশোভন আচরণ করেন। সর্বশেষ ২৫ অক্টোবর রাতে প্রভোস্ট ভবনে আইআইটি বিভাগের এক শিক্ষার্থী যুগলকে উলঙ্গ অবস্থায় হাতেনাতে ধরে ফেলে সিনিয়র শিক্ষার্থীরা।

অন্ধকার নামলেই সক্রিয় হয় ‘নেশা ও অশ্লীলতার রাজ্য’ বিশ্ববিদ্যালয়ের প্রশান্তি পার্ক, নীলদিঘির পার, একাডেমিক ভবন-৩ এর নির্মাণাধীন অংশ, প্রভোস্ট বিল্ডিং ও ময়নারদ্বীপ এলাকায় নিয়মিতই বসে মাদকাসক্তদের আড্ডা। রাত নেমে এলেই এসব স্থানে বহিরাগত ও শিক্ষার্থী উভয়ের উপস্থিতি দেখা যায়। তদন্তে জানা গেছে, মাদক সরবরাহে বহিরাগত চক্র সক্রিয়। বিশেষ করে পকেট গেইট, আলু ওয়ালার মোড় ও প্রধান ফটকের আশেপাশে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের লেনদেন হয়।

ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী লাইলাতুল জান্নাত (লিজা) বলেন,“মাদক সেবনের প্রবণতা ভয়াবহভাবে বেড়েছে। আমরা নারী শিক্ষার্থীরা এখন গভীর নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো কঠোর ব্যবস্থা না থাকায় অপরাধীরা উৎসাহিত হচ্ছে।”

এপ্লাইড কেমিস্ট্রি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন,“বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চার জায়গা, কিন্তু এখন এটি মাদক ও নৈতিক অবক্ষয়ের কেন্দ্রে পরিণত হচ্ছে। প্রশাসনের উদাসীনতা মাদকাসক্তদের আরও বেপরোয়া করে তুলছে।”

সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মহিবুল ইসলাম বলেন,“এটি কেবল ব্যক্তিগত ব্যর্থতা নয়; বরং এটি সাংস্কৃতিক ও কাঠামোগত সংকট। শিক্ষার্থীদের নৈতিক পুনর্গঠন ও মাদকবিরোধী সচেতনতা বাড়াতে নিয়মিত সেমিনার ও কাউন্সেলিংয়ের ব্যবস্থা নিতে হবে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এএফএম আরিফুর রহমান জানান,মাদকের বিরুদ্ধে আমাদের নীতি ‘জিরো টলারেন্স’। শুধু প্রক্টরিয়াল বডি নয়—পুলিশ, প্রভোস্ট ও আনসার সদস্যদের সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হবে। হলে প্রবেশের সময়সীমা কঠোরভাবে মানতে হবে।

উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন,“ঘটনাগুলো সম্পর্কে আমি অবগত হয়েছি। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে প্রশাসনের অবস্থান সবসময়ই কঠোর থাকবে।”

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা