প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আসন্ন নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি: ঐক্যের বার্তা তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৫

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০টি আসনে সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে তিনি জানিয়েছেন, যাচাই-বাছাই শেষে শিগগিরই একক প্রার্থী তালিকা ঘোষণা করবে বিএনপি।

দুই দিনব্যাপী এই ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয় রোববার ও সোমবার, গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে। এতে রোববার অংশ নেন রংপুর, ফরিদপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের সম্ভাব্য প্রার্থীরা; আর সোমবার অংশ নেন রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীরা।

সভায় তারেক রহমান বলেন,“প্রতিটি আসনে একাধিক যোগ্য ও ত্যাগী প্রার্থী থাকলেও, যাকেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের লক্ষ্য—ধানের শীষের বিজয় নিশ্চিত করা।”

তিনি আরও হুঁশিয়ারি দেন, দলে কোনো ধরনের বিভেদ বা কোন্দলের সুযোগ নেই। স্থানীয় পর্যায়ে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে মানুষের কাছে যেতে এবং ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরির আহ্বান জানান তিনি।

জ্মালপুর-২ আসনের মনোনয়নপ্রত্যাশী সুলতান মাহমুদ বাবু বলেন,“ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। আমরা সবাই তার সিদ্ধান্তকেই চূড়ান্ত হিসেবে গ্রহণ করব।”

কুড়িগ্রামের এক মনোনয়নপ্রত্যাশী জানান,তারেক রহমান আগামী নির্বাচনের চ্যালেঞ্জ নিয়ে অত্যন্ত সচেতন। তিনি সবাইকে ব্যক্তিগত প্রচারণা বাদ দিয়ে দলের প্রচারণায় মনোনিবেশ করার নির্দেশ দিয়েছেন।

নেত্রকোনা-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী প্রকৌশলী মো. মোস্তাফা-ই জামান সেলিম বলেন,“ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, দল যোগ্য প্রার্থীকেই মনোনয়ন দেবে।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন,“প্রার্থীদের কাছে আমাদের বার্তা একটাই—বিভেদ নয়, ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতির মধ্যে ঐক্যই হচ্ছে বিএনপির সবচেয়ে বড় শক্তি।”

সভায় উপস্থিত নেতারা অঙ্গীকার করেন, যাকে প্রার্থী করা হবে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষকে বিজয়ী করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা