প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হা’মলার অভিযোগে দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৫

জামালপুরের সরিষাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলা ও নাশকতার অভিযোগে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত (২৬ অক্টোবর) রাতে সাতপোয়া ইউনিয়নের পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরদিন সোমবার (২৭ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জামালপুর কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—সরিষাবাড়ী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা (৪৭) এবং সাতপোয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম (৫৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির অংশ হিসেবে ছাত্র-জনতার একটি মিছিল সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজার থেকে শিমলা বাজার বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সরিষাবাড়ী-জামালপুর সড়কে পৌঁছালে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের প্রায় শতাধিক নেতা-কর্মী লোহার পাইপ, রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে বহু আন্দোলনকারী আহত হন এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে পুলিশ অভিযানে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে।

তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, স্থানীয় তদন্তে গ্রেপ্তারকৃতরা হামলার ঘটনায় সরাসরি জড়িত ছিলেন বলে সাক্ষ্য-প্রমাণ মিলেছে। তারা অতীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি ও আগ্রাসী কর্মকাণ্ডে যুক্ত ছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান রাশেদ বলেন,“গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।”

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা