প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন: উপদেষ্টা ফরিদা আখতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৫

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, প্রধান উপদেষ্টার ঘোষণামতে আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে কাপ্তাই হ্রদের স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।উপদেষ্টা বলেন, “নির্বাচনী তফসিল ঘোষণা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। তফসিল ঘোষণার আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের আইনগত সব দায়িত্ব পালন করা হবে এবং প্রয়োজনীয় সিদ্ধান্তগুলো ক্যাবিনেট সভার মাধ্যমেই নেওয়া হবে।”

মতবিনিময়সভায় ফরিদা আখতার বলেন, “কাপ্তাই হ্রদ রক্ষায় প্রথম কাজ হবে ড্রেজিং করা। এটি এখানকার সকলের দীর্ঘদিনের দাবি।”

তিনি আরও বলেন, “লেকে পয়ঃনিষ্কাশন ও ময়লা-আবর্জনা ফেলার কারণে দূষণ বেড়ে চলেছে। এ বিষয়ে স্থানীয় সরকার, পরিবেশ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

উপদেষ্টা জানান, কাপ্তাই হ্রদে পলি জমে যাওয়ার কারণে পানির স্তর নিচে নেমে গেছে। ফলে বড় মাছের বাসস্থান সংকুচিত হয়েছে, আর ছোট মাছের আধিক্য বেড়েছে। এ অবস্থায় লেকের ভারসাম্য রক্ষায় সম্মিলিত উদ্যোগ জরুরি বলে মন্তব্য করেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মোবারক হোসেন এবং সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান ফারাহ শাম্মী, জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, জেলা জামায়াতের আমির মো. আব্দুল আলীম, জেলা বিএনপি মৎস্যজীবী দলের সভাপতি মো. নুরুল ইসলাম বাচা, এনসিপি প্রতিনিধি মো. জাহিদুল ইসলাম, নাগরিক পরিষদের এম এ বাশার প্রমুখ।

সভায় কাপ্তাই লেকের সমস্যা ও সম্ভাবনা নিয়ে ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিএফডিসি ব্যবস্থাপক কমান্ডার মোহাম্মদ ফয়েজ আল করিম।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা