প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে প্রস্তুত সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৫

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকারের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তার দপ্তরে কমনওয়েলথ ইলেক্টোরাল সাপোর্ট সেকশন (ইএসএস)-এর প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

দুই সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন কমনওয়েলথ ইএসএস-এর লিগ্যাল অ্যাডভাইজার ন্যান্সি কানিয়াগো, সঙ্গে ছিলেন এক্সিকিউটিভ অফিসার ম্যাডোনা লিন্স। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নির্বাচনমুখী। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রায় আট লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি প্রায় ৮০ হাজার সশস্ত্র বাহিনীর সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবেন।

তিনি জানান, অবৈধ অস্ত্র উদ্ধার ও নিরাপত্তা জোরদারে বিশেষ অভিযান চলছে। প্রতিটি জেলায় ও পুলিশ সদর দপ্তরে নির্বাচন নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হবে। সম্ভব হলে প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের পরিকল্পনাও রয়েছে।

উপদেষ্টা বলেন, নির্বাচনে গণমাধ্যম অবাধে সংবাদ সংগ্রহ করতে পারবে এবং দেশি-বিদেশি পর্যবেক্ষক দলকে অনুমতি দেওয়া হবে। শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স কাজ করবে।ন্যান্সি কানিয়াগো বলেন, বাংলাদেশের সঙ্গে কমনওয়েলথের সম্পর্ক দীর্ঘদিনের। বাংলাদেশ আমন্ত্রণ জানালে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দল জাতীয় নির্বাচনে অংশ নেবে।

উপদেষ্টা জানান, বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনীর নির্বাচনী দায়িত্ব পালনের অভিজ্ঞতা সমৃদ্ধ। তিনি বলেন, “কমনওয়েলথ চাইলে সিসিটিভি, বডি ক্যামেরা ও সরঞ্জাম সরবরাহের মাধ্যমে আর্থিক সহযোগিতা করতে পারে।”

কমনওয়েলথ প্রতিনিধি দল জানায়, তারা মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণে পুলিশ বাহিনীকে সহায়তা করতে আগ্রহী।উপদেষ্টা জানান, নির্বাচনে নিরাপত্তা জোরদারে ১০ হাজার ২৬৪ জন নতুন পুলিশ সদস্য, ২ হাজার ১৪৫ জন আনসার ও ভিডিপি, ৫ হাজার ৫১৩ জন বিজিবি এবং ৬৩৪ জন কোস্টগার্ড সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।

জুলাই হত্যাকাণ্ডের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আইন মন্ত্রণালয় চাইলে এ বিষয়ে ব্যবস্থা নিতে পারে। বর্তমানে দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাজ করছে, যাতে ন্যায়বিচার নিশ্চিত হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন— “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণ অবাধে, নির্ভয়ে এবং স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে কেন্দ্রে যাবে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা