প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জহুরুল হক হলে প্রকাশ্যে ধূমপান ও মাদক সেবন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে প্রকাশ্যে ধূমপানসহ সব ধরনের মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে হল প্রশাসন। সোমবার (২৭ অক্টোবর) এক অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হল প্রাঙ্গণে প্রকাশ্যে ধূমপান করতে দেখা গেলে সরকার প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষার্থীকে ৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে।

এছাড়া ইয়াবা, গাঁজা, হেরোইনসহ যেকোনো ধরনের মাদকদ্রব্য সেবন বা সংরক্ষণের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে অভিভাবকের উপস্থিতিতে হল থেকে বহিষ্কার করা হবে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে।

হল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের জন্য একটি সুস্থ, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসন সকল শিক্ষার্থীকে নিয়মগুলো মেনে চলার আহ্বান জানায় এবং সতর্ক করে দেয়—এ নিয়ম ভঙ্গকারীর বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

একজন হল কর্মকর্তা বলেন,“হলের সুনাম ও শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ রাখতে আমরা শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করেছি। কেউ মাদক বা ধূমপানের মাধ্যমে হলের পরিবেশ নষ্ট করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা