বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্কের আট সদস্যের একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল।
রোববার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তুর্কি বিশেষজ্ঞ দল জানায়, তারা তদন্ত কার্যক্রমে প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক সব দিক থেকে বাংলাদেশকে সহায়তা করবে।
বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দীন তুর্কি দলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই সহযোগিতা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং অগ্নিকাণ্ড তদন্তকে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখবে।”
বিশেষজ্ঞ দলের নেতৃত্বে ছিলেন ফার্স্ট ডিগ্রি চিফ সুপারিনটেনডেন্ট ওইকুন ইলগুন। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন উপস্থিত ছিলেন।
এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানা এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।